26.5 C
Bangladesh
May 16, 2026
Post Bangla

ভারতের ছত্তিশগড়ে বিদ্যুৎকেন্দ্রে বয়লার বিস্ফোরণ, নিহত ১৪

ভারতের ছত্তিশগড় রাজ্যে একটি বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ বয়লার বিস্ফোরণে অন্তত ১৪ জন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় ২০ জন। মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে সিংহিতারাই গ্রামের একটি বিদ্যুৎকেন্দ্রে এ দুর্ঘটনা ঘটে।

বুধবার (১৫ এপ্রিল) বার্তা সংস্থা রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার পি কে ঠাকুর।

স্থানীয় পুলিশ জানায়, বেদান্ত লিমিটেড পরিচালিত ওই বিদ্যুৎকেন্দ্রের বয়লার টিউব বিস্ফোরণের ফলে এই হতাহতের ঘটনা ঘটে।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ ও প্রশাসনের দল। সঙ্গে সঙ্গে শুরু হয় উদ্ধার অভিযান। আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এখনও কয়েকজন শ্রমিক ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে, ফলে উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।

বিদ্যুৎকেন্দ্রটির এক কর্মকর্তা জানান, বয়লার ইউনিটেই বিস্ফোরণের সূত্রপাত ঘটে। তিনি বলেন, “আমাদের সাব-কন্ট্রাক্টর এনজিএসএলের কর্মীরা ওই ইউনিটে কাজ করছিলেন। বর্তমানে আমাদের প্রধান অগ্রাধিকার হলো আহত ও ক্ষতিগ্রস্তদের চিকিৎসা ও সহায়তা নিশ্চিত করা।”

তিনি আরও জানান, মেডিকেল টিম ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করা হচ্ছে এবং ঘটনার বিস্তারিত জানতে তদন্ত শুরু হয়েছে।

এদিকে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ ঘটনাকে গভীর শোকজনক বলে অভিহিত করেছেন। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

প্রধানমন্ত্রী ঘোষণা দেন, প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে নিহতদের পরিবারকে ২ লাখ রুপি এবং আহতদের ৫০ হাজার রুপি করে আর্থিক সহায়তা দেওয়া হবে। তিনি জানান, স্থানীয় প্রশাসন ইতোমধ্যে ক্ষতিগ্রস্তদের সহায়তায় কাজ শুরু করেছে।

ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাইও দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, শ্রমিকদের প্রাণহানি অত্যন্ত বেদনাদায়ক এবং এটি রাজ্যের জন্য এক বড় ক্ষতি। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি।

মুখ্যমন্ত্রী আরও জানান, আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং দ্রুত উদ্ধার কাজ পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি তিনি এই ঘটনার নিরপেক্ষ তদন্তের নির্দেশ দিয়েছেন।

Related posts

হরমুজে যতদিন প্রয়োজন অবরোধ চলবে: পেন্টাগন

bangladmin

হিমশিম খাচ্ছে ট্রাম্প প্রশাসন, ইরান যুদ্ধে নাকাল মার্কিন অর্থনীতি

bangladmin

যুক্তরাষ্ট্রের সেনাপ্রধানকে বরখাস্ত

bangladmin

পোপকে ‘ভয়ংকর’ বলায় ট্রাম্পের ওপর ক্ষুব্ধ ইতালির প্রধানমন্ত্রী

bangladmin

আপিলেও বাতিল মনিরা শারমিনের মনোনয়নপত্র

bangladmin

রাশেদ প্রধানের বাসায় হামলার ঘটনায় জামায়াতের নিন্দা

bangladmin