ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় মামলা দায়েরকে কেন্দ্র করে সদর থানা ঘেরাও ও বিক্ষোভ করেছেন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
জানা গেছে, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেকুল ইসলাম তারেক রেজা বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় একটি মামলা দায়ের করেন।
মামলায় আটজন নেতার নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরো ১১০ থেকে ১১৫ জনকে আসামি করা হয়েছে।
মামলা দায়েরের পর থানা ত্যাগের সময় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা ঝিনাইদহ সদর থানার প্রধান ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এসময় তারা ছাত্রদল নেতাদের বিরুদ্ধে দায়ের করা ‘মিথ্যা ও হয়রানিমূলক মামলা’ প্রত্যাহারের দাবি জানান।
বিক্ষোভের একপর্যায়ে নাসীরুদ্দীন পাটওয়ারীসহ এনসিপির নেতারা থানার ভেতরে অবস্থানকালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
বিক্ষোভকারীরা থানার গেট খুলে ভেতরে প্রবেশের চেষ্টা করেন। এসময় বাইরে থেকে ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে।
পরে জেলা বিএনপির নেতারা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে নেতাকর্মীদের সরিয়ে নেন। এরপর পুলিশ পাহারায় নাসীরুদ্দীন পাটওয়ারী ও তার সঙ্গে থাকা নেতাদের নিরাপদে থানা থেকে বের করে দেওয়া হয়।
এর আগে শুক্রবার দুপুরে শহরের পুরাতন কালেক্টরেট জামে মসজিদে জুমার নামাজ শেষে বের হওয়ার সময় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও ডিম নিক্ষেপের ঘটনা ঘটে। এতে নাসীরুদ্দীনসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রদলের অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে।

