ব্রাজিলের প্রাথমিক দলে জায়গা পেলেন নেইমার!

ব্রাজিলের প্রাথমিক দলে জায়গা পেলেন নেইমার!

ব্রাজিলীয় ফুটবলে আবারও আশার আলো। দীর্ঘ চোট আর অনিশ্চয়তা কাটিয়ে বিশ্বকাপের পথে এক ধাপ এগিয়ে গেলেন নেইমার জুনিয়র। কোচ কার্লো আনচেলত্তি তাঁর ৫৫ সদস্যের প্রাথমিক স্কোয়াডে নেইমারকে অন্তর্ভুক্ত করেছেন। ১৮ মে বিশ্বকাপের জন্য চূড়ান্ত ২৬ জনের দল ঘোষণা করা হবে, আর এই প্রাথমিক তালিকায় নাম থাকা নেইমারের জন্য চূড়ান্ত দলে ফেরার পথে এক বড় অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে।

গত বছরের ১৮ অক্টোবর উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে পেশির ইনজুরিতে পড়ার পর প্রায় এক বছর মাঠের বাইরে ছিলেন নেইমার। তবে, নিজের শৈশবের ক্লাব সান্তোসে ফেরার পর থেকেই বদলে গেছে চিত্রপট। গত ১২ ম্যাচে ৫টি গোল এবং ৩টি অ্যাসিস্ট করে নেইমার প্রমাণ করেছেন, তাঁর সেই পুরনো জাদু এখনো হারায়নি। সান্তোস কোচ কুকা জানিয়েছেন, প্রতিটি ম্যাচেই নেইমারের ফিটনেস এবং মাঠের বিচরণ উন্নত হচ্ছে।


ব্রাজিল বস কার্লো আনচেলত্তি শুরু থেকেই স্পষ্ট করে দিয়েছেন, শুধু শারীরিকভাবে সম্পূর্ণ ফিট এবং প্রতিদ্বন্দ্বিতামূলক অবস্থায় থাকা খেলোয়াড়রাই চূড়ান্ত দলে জায়গা পাবেন। এর আগে ফিটনেস ঘাটতির কারণে নেইমারকে দলে রাখা হয়নি। তবে বর্তমানে সান্তোসের হয়ে নেইমারের পারফরম্যান্স এবং আত্মবিশ্বাস আনচেলত্তিকে তাঁর সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বাধ্য করেছে।

নেইমারের ফেরার খবরে ব্রাজিলের ড্রেসিংরুমেও বইছে আনন্দের হাওয়া। রাফিনিয়া সম্প্রতি জানিয়েছেন, নেইমারকে দলে পাওয়া মানেই অন্যরকম আত্মবিশ্বাস। এমনকি মেসিও আগে মন্তব্য করেছিলেন, বড় আসরে টুর্নামেন্টে নেইমার থাকা মানেই ফুটবলের সৌন্দর্য বেড়ে যাওয়া। ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার এই প্রত্যাবর্তন শুধু দলের শক্তিই বাড়াবে না, বরং সতীর্থদের মানসিকভাবেও চাঙ্গা করবে।


১১ মে ফিফার কাছে ৫৫ জনের প্রাথমিক তালিকা পাঠানো হবে। তবে, নেইমারের জন্য আসল পরীক্ষা হলো ১৮ মে। চূড়ান্ত ২৬ জনের তালিকায় জায়গা পেলে এটি হবে নেইমারের চতুর্থ বিশ্বকাপ। ক্যারিয়ারের গোধূলি লগ্নে দাঁড়িয়ে এই বিশ্বকাপটি হতে পারে তাঁর জন্য শেষ এবং সবচেয়ে বড় মঞ্চ।

গোলরক্ষক হিসেবে পালমেইরাসের কার্লোস মিগুয়েল ও করিন্থিয়ানসের হুগো সুজা আলোচনায় আছেন। রক্ষণভাগে পিএসজি’র বেরালদো এবং আক্রমণভাগে নেইমারের পাশাপাশি রিচার্লিসন ও পেদ্রোর মতো তারকারা জায়গা পেয়েছেন ৫৫ জনের এই তালিকায়।


দীর্ঘ এক বছরের যন্ত্রণাময় ইনজুরি কাটিয়ে নেইমারের এই ফিরে আসা ফুটবল ইতিহাসের অন্যতম রোমাঞ্চকর প্রত্যাবর্তন হিসেবে বিবেচিত হচ্ছে। এখন ফুটবল বিশ্বের কোটি কোটি চোখ ১৮ মে’র দিকে আনচেলত্তির চূড়ান্ত ২৬ জনের তালিকায় কি দেখা যাবে ‘১০ নম্বর’ জার্সিধারী সেই জাদুকরকে? উত্তর মিলবে আর মাত্র কয়েক দিন পরেই।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *