বিএনপি ও এর অঙ্গ সংগঠনের দুই হাজার ২৭৬ জন নেতাকর্মীকে অপহরণের পর গুম এবং ‘ক্রসফায়ারের’ নামে হত্যার অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবারও অভিযোগ দাখিল করেছে বিএনপি। দলটির দাবি, এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে হবে।
সোমবার (১১ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে এই অভিযোগ জমা দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং গুম, খুন ও মামলা বিষয়ক সমন্বয়ক মোহাম্মদ সালাউদ্দিন খান।
বিএনপির পক্ষ থেকে দাখিল করা অভিযোগে বলা হয়, ২০০৮ সাল থেকে ২০২৪ সালের পাঁচ আগস্ট পর্যন্ত ইলিয়াস আলিসহ দলটির বিপুল সংখ্যক নেতাকর্মীকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তুলে নেওয়া হয়েছে। পরবর্তীতে তাদের অনেককেই ‘ক্রসফায়ারের’ নাটক সাজিয়ে হত্যা করা হয়েছে অথবা তারা চিরতরে গুম হয়ে গেছেন।
এসব হত্যাকাণ্ড ও গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তৎকালীন সরকারের প্রভাবশালী ব্যক্তি এবং সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অভিযুক্ত করা হয়েছে।
এর আগে, ২০২৫ সালের ৯ জানুয়ারি একই বিষয়ে ট্রাইব্যুনালে প্রথমবার অভিযোগ দাখিল করেছিলো বিএনপি। তবে দীর্ঘ সময় পার হলেও তদন্তে দৃশ্যমান কোনো অগ্রগতি না থাকায় দলটির পক্ষ থেকে পুনরায় এই আবেদন করা হলো।
অভিযোগ দাখিল শেষে মোহাম্মদ সালাউদ্দিন খান সাংবাদিকদের বলেন, আমরা দুই হাজার ২৭৬ জন নেতাকর্মীকে গুম ও হত্যার সুনির্দিষ্ট তথ্য-প্রমাণসহ অভিযোগ দিয়েছি। গত জানুয়ারি মাসে অভিযোগ দিলেও তদন্তের কোনো অগ্রগতি আমরা দেখতে পাইনি। তাই ন্যায়বিচারের আশায় আজ আবারও ট্রাইব্যুনালের দ্বারস্থ হয়েছি।

