সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর ব্যবহার ও দক্ষতা বাড়াতে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) শুরু হয়েছে সাত দিনব্যাপী এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা।
এক্সওয়াইজেড ক্লাউড বাংলাদেশ ও গেমপ্লিফাই-এর সহযোগিতায় আয়োজিত এই কর্মশালা চলবে আগামী ৮ মে পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে। সাত দিনে মোট সাতটি ব্যাচে ডিআরইউর সদস্যরা অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন।
আয়োজক গেমপ্লিফাই জানায়, দিনব্যাপী এই প্রশিক্ষণে সাংবাদিকতায় এআই-এর মৌলিক ধারণা থেকে শুরু করে বাস্তব প্রয়োগ হাতে-কলমে শেখানো হচ্ছে। অংশগ্রহণকারীরা এআই টুল ব্যবহার করে দ্রুত ও নির্ভুলভাবে তথ্য সংগ্রহ, রিপোর্ট লিখন, সম্পাদনা ও আকর্ষণীয় শিরোনাম তৈরির কৌশল শিখছেন।
এছাড়া ভুয়া তথ্য, অপতথ্য ও ডিপফেইক শনাক্ত করার পদ্ধতি এবং ফ্যাক্ট-চেকিং টুল ব্যবহারের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এআই ব্যবহারের নৈতিকতা ও ঝুঁকি ব্যবস্থাপনার বিষয়টিও প্রশিক্ষণের মূল আলোচ্য বিষয়।
ডিআরইউর সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, বর্তমান সময়ে তথ্যের গতি যেমন বেড়েছে, তেমনি ভুয়া তথ্যের ঝুঁকিও বেড়েছে। এআই সম্পর্কে সঠিক জ্ঞান না থাকলে সাংবাদিকরা পিছিয়ে পড়বেন। তাই সদস্যদের জন্য এই প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী উদ্যোগ।
এক্সওয়াইজেড ক্লাউড বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মাহফুজুর রহমান বলেন, “ভুয়া তথ্য ও ডিপফেইকের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় সাংবাদিকদের দক্ষতা বাড়ানো জরুরি। আমরা একটি প্রযুক্তিজ্ঞানসম্পন্ন ও দায়িত্বশীল সাংবাদিক সমাজ গড়ে তুলতে চাই।
শনিবারের প্রথম সেশনে ঢাকা পোস্টের হেড অব নিউ মিডিয়া ইনেশিয়েটিভ আরিফুল ইসলাম আরমান জেমিনি, চ্যাটজিপিটি ও গুগল এআই স্টুডিওসহ বিভিন্ন টুলের ব্যবহার তুলে ধরেন। দ্বিতীয় সেশনে ডেটা সাংবাদিকতা ও তথ্য বিশ্লেষণের কৌশল নিয়ে আলোচনা করেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর সহকারী অধ্যাপক মালিহা তাবাসসুম।
দিনের শেষ সেশন পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. এমডি সাইফুল আলম চৌধুরী। তিনি ডিজিটাল রিপোর্টিং, সোশ্যাল মিডিয়া স্টোরিটেলিং এবং গুগল ট্রেন্ডস ব্যবহারের মাধ্যমে অপতথ্য মোকাবিলার কৌশলগুলো বিস্তারিত ব্যাখ্যা করেন।
ডিআরইউর তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মাহমুদ সোহেল বলেন, এই প্রশিক্ষণে হাতে-কলমে শেখার সুযোগ থাকাই সংবাদ কর্মীরা উপকৃত হচ্ছেন। যা বাস্তব কাজে সরাসরি সহায়তা করবে। আমরা আশা করছি অংশগ্রহণকারীরা এখান থেকে অর্জিত জ্ঞান নিজেদের কর্মক্ষেত্রে কার্যকরভাবে প্রয়োগ করতে পারবেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ডিআরইউর সহ-সভাপতি মেহ্দী আজাদ মাসুম, অর্থ সম্পাদক নিয়াজ মাহমুদ সোহেল, সাংস্কৃতিক সম্পাদক মো. মনোয়ার হোসেন, আপ্যায়ন সম্পাদক আমিনুল হক ভূইয়া, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ উপ-কমিটির সদস্য সচিব আল আমিন আজাদ, কার্যনির্বাহী কমিটির সদস্য মাহফুজ সাদী, মো. মাজাহারুল ইসলাম প্রমুখ।
প্রশিক্ষকরা বলেন, বর্তমান সময়ে এআই-ভিত্তিক দক্ষতা ছাড়া পেশাগত উন্নতি প্রায় অসম্ভব। তাই যত দ্রুত সম্ভব সাংবাদিকদের এই প্রযুক্তির সঙ্গে অভ্যস্ত হতে হবে।
প্রতিদিন ৫০ জনেরও বেশি সংবাদকর্মী এই নিবিড় প্রশিক্ষণে অংশ নিচ্ছেন।