Post Bangla

মার্কিন দল আসার আগেই ইসলামাবাদ ছাড়লেন আরাগচি

মার্কিন প্রতিনিধি দল ইসলামাবাদে পৌঁছানোর আগেই পাকিস্তানের গুরুত্বপূর্ণ সফর শেষ করে ওমানের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। শনিবার দিনভর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং সেনাপ্রধান ও ফিল্ড মার্শাল আসিম মুনিরসহ দেশটির উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠকের পর তিনি পাকিস্তান ত্যাগ করেন।

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার জানিয়েছেন, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও আব্বাস আরাগচির মধ্যকার বৈঠকটি প্রায় দুই ঘণ্টা স্থায়ী হয়েছিল। বৈঠক শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় শাহবাজ শরিফ এই আলোচনাকে ‘অত্যন্ত উষ্ণ ও ফলপ্রসূ’ হিসেবে অভিহিত করেন।


তিনি জানান, আঞ্চলিক পরিস্থিতি এবং পাকিস্তান-ইরান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে তাঁদের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী শাহবাজ এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য সংলাপ ও কূটনীতির ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন।

হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল শনিবার পাকিস্তানে পৌঁছানোর কথা। তবে তেহরান শুরু থেকেই স্পষ্ট করে দিয়েছে যে, আব্বাস আরাগচি তাঁর ত্রিদেশীয় আঞ্চলিক সফরের অংশ হিসেবেই পাকিস্তান সফর করছেন এবং মার্কিন প্রতিনিধিদের সঙ্গে তাঁর সরাসরি কোনো বৈঠকের সম্ভাবনা নেই। একটি মোটর শোভাযাত্রার মাধ্যমে আরাগচিকে রাজধানী ত্যাগ করতে দেখা গেছে।


ইসলামাবাদ ছেড়ে আব্বাস আরাগচি এখন ওমানের রাজধানী মাস্কাটের পথে রয়েছেন। তবে, সিবিএস নিউজ পাকিস্তান সরকারের কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, আরাগচি রবি বা সোমবার পুনরায় ইসলামাবাদে ফিরে আসতে পারেন। ওমান ও রাশিয়ার সফরসূচি শেষ করে তাঁর এই প্রত্যাবর্তন চলমান শান্তি প্রক্রিয়ায় নতুন কোনো মোড় নিয়ে আসে কি না, সেদিকেই এখন তাকিয়ে আছে কূটনৈতিক মহল।

বর্তমানে ইরান ও আমেরিকার মধ্যে যে পরোক্ষ মধ্যস্থতা চলছে, তাতে পাকিস্তান এবং ওমান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সরাসরি কোনো টেবিলে না বসলেও মধ্যস্থতাকারীদের মাধ্যমে তেহরান ও ওয়াশিংটন একে অপরের দাবি ও প্রস্তাবনাগুলো যাচাই করছে।

তথ্যসূত্র: বিবিসি-রয়টার্স-সিবিএস নিউজ

Related posts

হরমুজ প্রণালি আর কখনোই আগের অবস্থায় ফিরবে না: ইরান

bangladmin

দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত ইরান

bangladmin

গুলির ঘটনার রেশ কাটতে না কাটতেই ওয়াশিংটনে রাজা চার্লস

bangladmin

ওপেক ছাড়ল আমিরাত, বৈশ্বিক তেল রপ্তানিকারক গোষ্ঠীতে বড় ধাক্কা

bangladmin

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে সব কিছু করবে রাশিয়া: পুতিন

bangladmin

পশ্চিমবঙ্গে নির্বাচনের শেষ দফা ভোট কাল, ৩ দিন বন্ধ বাংলাদেশ সীমান্ত

bangladmin