Post Bangla

সরকারি চাকরিতে প্রবেশের বয়স সর্বোচ্চ ৩২, সংসদে বিল পাস

সরকারি, স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থাসহ সব ধরনের সরকারি চাকরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করে জাতীয় সংসদে বিল পাস হয়েছে।

রোববার (৫ এপ্রিল) সংসদ অধিবেশনে ‘সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যানসিয়াল কর্পোরেশনসহ স্বশাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ বিল, ২০২৬’ শীর্ষক বিলটি কণ্ঠভোটে পাস হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বিলটি সংসদে উত্থাপন করেন।

পাস হওয়া বিলের মূল বিধানে বলা হয়েছে, বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) সব ক্যাডার এবং বিসিএসবহির্ভূত সব সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা হবে ৩২ বছর। স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থাগুলোর যেসব পদে নিয়োগের বয়সসীমা আগে ৩০ বা অনূর্ধ্ব ৩২ ছিলো, সেখানেও এখন থেকে এই নতুন বয়সসীমা কার্যকর হবে।

তবে বিলটিতে একটি গুরুত্বপূর্ণ বিষয় স্পষ্ট করা হয়েছে। যেসব পদের নিয়োগ বিধিমালায় বয়সসীমা আগে থেকেই ৩২ বছরের বেশি (যেমন: ৩৫, ৪০ বা ৪৫ বছর) নির্ধারিত আছে, সেই উচ্চতর বয়সসীমা অপরিবর্তিত থাকবে। অর্থাৎ, এই নতুন আইনের ফলে কারও বিদ্যমান সুযোগ কমবে না। এছাড়া প্রতিরক্ষা কর্মবিভাগ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়োগের ক্ষেত্রে তাদের নিজস্ব বিদ্যমান বিধিমালা বহাল থাকবে।

বিলের উদ্দেশ্য ও কারণ সংবলিত বিবৃতিতে প্রতিমন্ত্রী জানান, শিক্ষিত বেকার যুবকদের দেশ গঠনে আরও বেশি সুযোগ করে দিতে এবং শ্রমবাজারে ইতিবাচক প্রভাব ফেলতে এই বয়সসীমা বাড়ানো হয়েছে। এর আগে ২০২৪ ও ২০২৫ সালে জারি করা দুটি অধ্যাদেশ রহিত করে সেগুলোকে স্থায়ী আইনি রূপ দিতেই এই নতুন বিলটি আনা হয়েছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, আগের অধ্যাদেশগুলোর ফলে কিছু কারিগরি জটিলতা তৈরি হয়েছিলো, যার কারণে কিছু বিশেষায়িত পদে উচ্চতর বয়সসীমা কমে যাওয়ার আশঙ্কা ছিলো। বর্তমান বিলের মাধ্যমে সেই অস্পষ্টতা দূর করা হয়েছে এবং ৩২ বছরের অধিক বয়সসীমা থাকা পদগুলোর বিদ্যমান নিয়ম বহাল রাখা হয়েছে।

Related posts

এসএসসি ও সমমানের পরীক্ষায় বসছে ১৮ লাখ ৫৭ হাজার শিক্ষার্থী

bangladmin

ঢাবি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যুতে মামলা, শিক্ষক গ্রেপ্তার

bangladmin

জাল সনদে চাকরি: ৩৩০ কলেজ প্রভাষকের বিরুদ্ধে ব্যবস্থা

bangladmin

অনলাইন ক্লাসের বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে আজ

bangladmin

শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাস শুরু

bangladmin

প্রশ্নফাঁসের নামে প্রতারণা, ৪ সদস্য গ্রেপ্তার

bangladmin